ডা. শফিকুর রহমান: সংবিধানও পরিবর্তনযোগ্য, গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করার কোনো বাধা নেই। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার জন্যও সংবিধান সংস্কারের প্রয়োজন হতে পারে।

রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদ অধিবেশনের সময় শেষ প্রান্তে হওয়ায় নির্বাচন সংক্রান্ত বিষয় আলোচনার সুযোগ সীমিত হয়েছে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠান সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা জামায়াতের নেই, তবে ব্যক্তিকে নিয়ে প্রশ্ন থাকতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি নিয়ে যথাযথভাবে ভাববে।

নির্বাচন পরবর্তী বিভিন্ন সংকটের প্রসঙ্গে তিনি বলেন, সংসদের ভেতরে সমস্যাগুলো সমাধান না হলে স্বাভাবিকভাবেই তা বাইরে আন্দোলনে রূপ নেবে।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সড়ক ও পরিবহন মন্ত্রীর অযাচিত মন্তব্যসহ সরকারের গাফিলতিই বিশৃঙ্খলার মূল কারণ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।