বিএনপি ঘোষণা করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দুই দিনের কর্মসূচি

রাজনীতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির ঘোষণা অনুযায়ী, ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে ভোর ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।

স্মৃতিসৌধ থেকে ফিরে, রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এরপর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি, ২৫ মার্চ (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুপুর আড়াইটার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি আয়োজন করবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ উদ্যোগে দিবসটি উদযাপন করবে।