
ফলাফল ঘোষণার ১৩ দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংশোধিত ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, আগে প্রকাশিত ফলাফলের তুলনায় মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমেছে। ‘হ্যাঁ’ ও ‘না’-দুই ধরনের ভোটই কমেছে, তবে বেড়েছে বাতিল ভোটের সংখ্যা।
২৫ ফেব্রুয়ারি তারিখে জারি করা সংশোধিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পাশাপাশি বেসরকারিভাবে গণভোটের ফলও ঘোষণা করে ইসি। সেদিন রাতেই গেজেট প্রকাশ করা হয়। তবে ঘোষিত ফল ও গেজেটের তথ্যের মধ্যে গরমিল নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসি পরে ফল সংশোধন করে।
১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, মোট ভোট পড়েছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ এবং বাতিল ভোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬।
সংশোধিত গেজেটে বলা হয়েছে, মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। বৈধ ভোট ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।


