সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপিকে আহ্বান আজহারুল ইসলামের

জাতীয় জামায়াতে-ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও শপথ নিতে অনীহা প্রকাশ করে বিএনপি জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদ ‘২৪ সালের জুলাই আন্দোলনের ফসল। সেই সনদ বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে জাতি কাউকে ক্ষমা করবে না। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, জুলাই সনদকে অস্বীকার করা মানে নিজেদের অস্তিত্ব এবং জুলাই বিপ্লবকে অস্বীকার করার শামিল।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারতেন না এবং আজ যারা মন্ত্রী হয়েছেন তারাও মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। একইভাবে যারা সংসদ সদস্য হয়েছেন, তারাও সেই সুযোগ থেকে বঞ্চিত হতেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য ও চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে আজহারুল ইসলাম বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। জুলাই আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে।

তিনি বলেন, আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি। তবে সরকার যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াত।

এ সময় তিনি রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা শুধু মুসলমানদের জন্য নয়, পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্যও ফরজ করা হয়েছিল। রোজার মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি ও অন্যায়-অনাচার থেকে ফিরে আসার শিক্ষা নিতে হবে বলেও তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।