
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বোর্ডগুলো জুনের প্রথমার্ধে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে। পাশাপাশি, দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
অন্যদিকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল থেকে। ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


