রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের ঘোষণা: শিগগিরই চালু হবে টুরিস্ট ভিসা

জাতীয়

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই কথা জানান শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনের সময় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

সভায় তিনি ভিসা প্রক্রিয়া সম্পর্কে সতর্কতামূলক পরামর্শও দেন। সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেওয়া উচিত নয়। আবেদনকারীরা নিজেরাই ফরম পূরণ করবেন এবং নির্ধারিত ফি জমা দেবেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনও সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ড. নরেশ চন্দ্র মধু, সভাপতিত্ব করেন শ্রী প্রাণশঙ্কর দাশ, এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পরে পাবনার কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।

এই ঘোষণার পর বাংলাদেশি পর্যটকরা আশা করছেন, খুব শিগগিরই ভারতের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হবে।