
বারবার ইনজুরিতে পড়ে ক্যারিয়ারে ধাক্কা খেলেও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও ছাড়েননি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে তাকে সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপের আর প্রায় ১০০ দিন বাকি থাকতে ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আনচেলত্তির প্রাথমিক পরিকল্পনায় নেইমারের নাম রয়েছে। আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুটি ম্যাচ শুধু ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির অংশই নয়, নেইমারের জন্যও হতে পারে বড় পরীক্ষা। বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তাকে মাঠের পারফরম্যান্স দিয়েই কোচিং স্টাফকে সন্তুষ্ট করতে হবে।
খবরে বলা হয়েছে, আনচেলত্তি ও তার কোচিং স্টাফ ১০ মার্চ মিরাসল এফসি ও সান্তোস এফসির ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখবেন। সেখানে নেইমারের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর ১৬ মার্চ তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
যদিও কোচের মাঠে উপস্থিতি মানেই নেইমারের সঙ্গে আলাদা কোনো বৈঠক হবে—এমনটা নিশ্চিত নয়। তবুও তার খেলা দেখতে যাওয়া নিজেই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ মৌসুমে সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচে ইতোমধ্যে মাঠে নেমেছেন নেইমার। গোল ও অ্যাসিস্ট করে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। ফলে ক্লাব ও জাতীয় দলে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে আরেকটি বিশ্বকাপে খেলার স্বপ্ন তার জন্য কঠিন হয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগে নেইমারের বয়স হবে ৩৪ বছর। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর, দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচেই গুরুতর হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।


