
রাজধানীর ব্যস্ততম সড়ক গুলশান এভিনিউতে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে, একজন নারী বারবার হাত ও ব্যাগ দিয়ে পথচারীকে আঘাত করছেন। পরে জানা গেছে, ওই নারী হলেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।
ভিডিওতে দেখা যায়, ব্যস্ত ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকা অবস্থায় একজন পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছেন। কিছুটা ধাক্কা লাগার পর ক্ষিপ্ত হয়ে মনিকা তার দিকে হাত বাড়িয়ে ধাক্কা দিতে শুরু করেন এবং ব্যাগ দিয়ে আঘাত করতে থাকেন। আশপাশে থাকা মানুষদের কেউ হস্তক্ষেপ করেননি, পথচারী কেবল অসহায় দৃষ্টিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন।
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের ঝড় দেখা দিয়েছে। অনেকের মতে, এভাবে কাউকে মারধর করা একেবারেই অগ্রহণযোগ্য। কেউ কেউ দাবি করেছেন, পথচারী হয়তো মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন, যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের পর মনিকা ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিচ্ছেন।
মোনিকা কবির মূলধারার মডেলিংয়ে সেভাবে সক্রিয় নন, তবে ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে নানা কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন। এবার রাজধানীর ব্যস্ততম সড়কে পথচারীকে মারধর করে তিনি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন।


