
ভারতের তেলেঙ্গানায় হৃদয়বিদারক এক ঘটনায় চার বছর বয়সী যমজ কন্যাকে কূপে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই বাবার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) রাজ্যের করিমনগর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত কাচ্ছু শ্রীশৈলম করিমনগর রুরালের জুবিলি নগরের বাসিন্দা। প্রায় ছয় বছর আগে তিনি মৌনিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসারে জন্ম নেয় যমজ কন্যা—গীতাংশি ও গীতান্বিকা, যাদের বয়স এখন চার বছর।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, কন্যাসন্তান জন্ম নেওয়ায় শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন শ্রীশৈলম। ছেলে সন্তানের প্রত্যাশা পূরণ না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত।
শুক্রবার সন্ধ্যায় আবারও এক দফা বিরোধের পর তিনি দুই শিশুকে গ্রামের উপকণ্ঠে কৃষিজমির দিকে নিয়ে যান। এরপর সেখানকার একটি কূপে ফেলে তাদের হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পর কূপ থেকে প্রথমে গীতাংশির মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিশু গীতান্বিকা কিছু সময় নিখোঁজ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহও উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের কূপে ফেলার আগে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ, বিশেষ করে কন্যাসন্তান জন্ম নিয়ে অসন্তোষই এই মর্মান্তিক ঘটনার পেছনের মূল কারণ হিসেবে উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


