ট্রাম্পের শুল্কনীতিতে সুপ্রিম কোর্টের বাধা, হোয়াইট হাউসে বড় ধাক্কা

অন্যান্য আন্তর্জাতিক

ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি — মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। দেশটির সর্বোচ্চ আদালত শুক্রবার এক ঐতিহাসিক রায়ে জানায়, একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত এই শুল্কনীতি এখন বড় আইনি সংকটে পড়ল।

৬-৩ রায়ে ক্ষমতার সীমা নির্ধারণ

প্রধান বিচারপতি জন রবার্টসের লেখা সংখ্যাগরিষ্ঠ মতামতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প অসীম পরিমাণ, মেয়াদ ও পরিধিতে শুল্ক আরোপের যে ‘অসাধারণ ক্ষমতা’ দাবি করেছেন, তা প্রয়োগ করতে হলে তাঁকে অবশ্যই কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত আরও স্পষ্ট করে দেয়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার ওপর ভর করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আইনগতভাবে ‘পর্যাপ্ত নয়।’

রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও নিল গোরসাচ তিন লিবারেল বিচারপতির সঙ্গে একমত হয়ে সংখ্যাগরিষ্ঠের পক্ষে রায় দেন। দ্বিমত পোষণ করেন বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা।

রক্ষণশীল আদালতের কাছেই সবচেয়ে বড় হার

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই রায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ রক্ষণশীল বিচারপতি-অধ্যুষিত এই একই আদালত গত বছর অভিবাসন নিয়ন্ত্রণ, স্বাধীন সংস্থার প্রধান বরখাস্ত এবং সরকারি ব্যয় কমানোর মতো একাধিক বিতর্কিত ইস্যুতে ধারাবাহিকভাবে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছিল। সেই আদালতের কাছেই এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাজয়ের মুখে পড়লেন ট্রাম্প।

১৩০ বিলিয়ন ডলারের প্রশ্ন ঝুলেই রইল

তবে রায়ে একটি বড় অনিশ্চয়তা রয়ে গেছে। ইতোমধ্যে আদায় করা ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক অর্থের কী হবে, সে বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেয়নি। এই প্রশ্নের উত্তর নিয়ে আইনি ও অর্থনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।