
ঢাকা, ২০ ফেব্রুয়ারি — মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নতুন সাজে সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার। শিল্পীর তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে আশপাশের প্রতিটি সড়ক, ডিভাইডারে লাগানো হয়েছে তাজা ফুলগাছ। আগামীকাল শনিবার ভাষা আন্দোলনের ৭৪তম বার্ষিকীতে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দিবসের কর্মসূচি।
উৎসবমুখর শহীদ মিনার এলাকা
বিকেল থেকেই শহীদ মিনারের নতুন রূপ দেখতে ভিড় জমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনকে সঙ্গে করে। বাঁশের বেড়ার পাশে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছিলেন অনেকে। তবে সন্ধ্যা সাতটার পর থেকে উৎসুক জনতাকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া শুরু হয়।
কঠোর নিরাপত্তা বলয়
সন্ধ্যার পর দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ হল ও শিববাড়ি মন্দির মোড়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাত পৌনে আটটার পর শুধুমাত্র বিশেষ নিরাপত্তা পাশধারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সকালে শহীদ মিনার এলাকার নিরাপত্তা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


