
সারাদেশে হামের সংক্রমণ ঠেকাতে আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী দুই দিনের মধ্যেই আক্রান্ত গ্রামাঞ্চলগুলোতে প্রয়োজনীয় সিরিঞ্জ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর ও প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে। বিশ্বব্যাপী দরিদ্র শিশুদের জন্য টিকা সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভি–এর কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা মজুত রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহারের সুযোগ তৈরি করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে একটি জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


