ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে বিকল্প ব্যবসা দেবেন ডিএনসিসি প্রশাসক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত ও রাস্তায় আর ব্যবসা করা যাবে না। ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্রশাসক বলেন, “আমরা বিকল্প স্থানে ব্যবসার ব্যবস্থা করে দেব। ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না—এটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, ব্যবসায়ীদের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করে কার্যকর সমাধান বের করা হবে। ফোর্স ব্যবহার করে উচ্ছেদ না করে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএনসিসি টোকেন সিস্টেম চালু করবে, যাতে কেউ চাঁদা দাবি করলে ব্যবসায়ীরা তা দিতে বাধ্য না হন।

সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান ও পর্যাপ্ত সময়ের দাবি জানান। ডিএনসিসি প্রশাসক আশ্বাস দেন, বিষয়টি ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, মিরপুর জোনের ডিএমপির ডিসি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।