২৬ বছরেই থেমে গেল যাত্রা, আকস্মিক মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর জেপার

বিনোদন

জাপানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল তার মৃত্যুর খবর জানানো হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৬ বছর।

মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে জানানো হয়, জেপার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, “অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জেপা।” এ দুঃখজনক সংবাদ জানাতে গিয়ে ভক্তদের কাছে দুঃখ প্রকাশও করা হয়।

পোস্টে আরও জানানো হয়েছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেপার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তবে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও ধারণা করা হচ্ছে, তিনি কিছু গুরুতর ব্যক্তিগত সমস্যার মধ্যে ছিলেন। বিশেষ করে মদ্যপান নিয়ে তার কিছু ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে। গত ২০ মার্চ প্রকাশিত এক ভিডিওতে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়, যা তিনি মাদকের প্রভাবে হয়েছে বলে উল্লেখ করেছিলেন। এরপর ৩১ মার্চ এক পোস্টে তিনি অ্যালকোহল নির্ভরতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

জেপার সোশ্যাল মিডিয়াজুড়ে ছিল ১০ লাখের বেশি অনুসারী। কমেডি ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই তরুণ নির্মাতা।