
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানাসহ গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। সে হিসেবে আগামী ১৫ মার্চ গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীকে তাদের ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
এছাড়া চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


