
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা সংসদ ভবনে স্পিকারের স্ত্রীর জানাজায় নিজেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি জানান, গত ৩০ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেওয়ার সময় কেউ পেছন থেকে তাকে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধন করে। হানজালা বলেন, তার পোশাক, পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিধান কখনোই জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কিত নয়।
সংসদে তিনি স্পিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষী শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। হানজালা বলেন, এটি শুধু ব্যক্তিগত অবমাননা নয়, সংসদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর বিষয়।
পরে স্পিকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংসদ সদস্য হানজালাকে বিশেষ অধিকার সংক্রান্ত নোটিশ দেয়ার পরামর্শ দেন। একই অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, তার এবং অন্যান্য নারী সংসদ সদস্যদের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য হয়েছে, যার প্রতিকার প্রয়োজন।


