বিসিবি এখন ‘বাপের দোয়া’ বোর্ড, মানবাধিকার কমিশনকে স্বায়ত্তশাসনের দাবি হাসনাত আবদুল্লাহর

খেলাধুলা

জাতীয় সংসদে বিসিবির বর্তমান কমিটি এবং জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার বিকেলে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের বিরোধিতা করতে গিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

বিসিবি নিয়ে কড়া সমালোচনা বিসিবির সাম্প্রতিক রদবদল নিয়ে ক্ষোভ ঝেড়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি এখন ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।” তিনি অভিযোগ করেন, বিসিবি এবং বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বর্তমানে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে, যা এসব প্রতিষ্ঠানের স্বাধীন সত্তাকে নষ্ট করছে।

মানবাধিকার কমিশনের সংস্কার দাবি মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত সময়ে এই প্রতিষ্ঠানটিকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম ও খুনের মতো ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার এবং ভুক্তভোগীদেরই দোষারোপ করার (ভিকটিম ব্লেমিং) অভিযোগ তোলেন তিনি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

তিনি জোরালো দাবি জানিয়ে বলেন, “মানবাধিকার কমিশনকে যদি এখনো কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। এই বিলের সঠিক বাস্তবায়ন চাইলে কমিশনকে অবশ্যই একটি পূর্ণ স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থান বিল নিয়ে আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যখন ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের আবেদন করেন, তখনই হাসনাত আবদুল্লাহ এর ওপর আপত্তি জানান। তিনি মনে করেন, তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ না হলে এই বিলের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।