
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন ও মিশরের মুখোমুখি হওয়ার সময় বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। ম্যাচটি গোলশূন্য ড্র-তে শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই বিতর্ক।
লামিন ইয়ামাল, স্পেন দলের তরুণ তারকা, সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “স্টেডিয়ামে ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’—ধরনের স্লোগান শোনা যাচ্ছিল। যদিও এগুলো আমাকে লক্ষ্য করে বলা হয়নি, একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং গ্রহণযোগ্য নয়।” তিনি যোগ করেন, “ধর্মকে ব্যবহার করে কাউকে হেয় করার চেষ্টা করা অজ্ঞতা ও বর্ণবাদ।”
ইয়ামালের বাবা মরোক্কান, মা ইকুয়েটোরিয়াল গিনি, এবং ১৮ বছর বয়সে স্পেনের হয়ে খেলছে। তিনি ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং এ গ্রীষ্মের বিশ্বকাপে দলের বড় ভরসা।
ঘটনার পরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও আইনমন্ত্রী ফেলিক্স বোলানিওস সামাজিক মাধ্যমে এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘লজ্জাজনক’ হিসেবে নিন্দা জানিয়েছেন। মিসরীয় ফুটবল ফেডারেশনও দর্শকদের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে।
কাতালুনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ ইয়ামালকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হচ্ছে। এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যানযোগ্য। আমরা তাকে সহায়তা করব।”
কাতালান পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ফিফাও বিষয়টি খতিয়ে দেখছে। প্রতিবেদনের ভিত্তিতে স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ২০৩০ বিশ্বকাপ বা ফাইনালের আয়োজনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
রেফারির রিপোর্ট অনুযায়ী, সম্ভাব্য শাস্তি জরিমানা বা ম্যাচ আংশিক দর্শকশূন্য করা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে।


