
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন— এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন। তবে প্রতিবেদনে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ বা সরকারি নিশ্চিতকরণ তুলে ধরা হয়নি।
প্রতিবেদনে মূলত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সে দেওয়া একটি পোস্টের উল্লেখ করা হয়েছে। গত সোমবার দেওয়া ওই পোস্টে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। সেই সময় বাসভবনে উপস্থিত ছিলেন ইতামার বেন-গভির, যিনি হামলায় আহত হয়েছেন বলেও দাবি করা হয়।
তবে যে এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার পরিচালনা করেন কি না বা সেটি ভুয়া অ্যাকাউন্ট কি না— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে নেতানিয়াহুর মৃত্যুর খবরটি সত্য কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


