জ্বালানি সংকট বাড়াবে দ্রব্যমূল্য, সতর্ক করেছেন অর্থমন্ত্রী

অর্থনীতি

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত একটি কর্মশালার পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury সাংবাদিকদের জানান, বর্তমান জ্বালানি সংকট ‘মরার উপর খাড়ার ঘা’-এর মতো পরিস্থিতি তৈরি করেছে।

মন্ত্রী বলেন, শুধু জ্বালানি নয়, এই সংকটের প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। তাই আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনও দাম বাড়ানো হয়নি, তবে কতদিন এটি টানা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।

অর্থমন্ত্রী সতর্ক করে জানান, সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণের ওপর চাপ কম রাখা, কিন্তু দীর্ঘমেয়াদে সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে। তাই সব সিদ্ধান্ত বাস্তবতা বিবেচনায় নেওয়া হবে।

এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গেও তিনি বলেন, বিএনপির ম্যানিফেস্টো অনুযায়ী ধাপে ধাপে দেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সম্পন্ন হলে বাংলাদেশ জেনারেল অ্যাসেম্বলিতে গ্র্যাজুয়েশনের জন্য উপস্থাপন করতে পারবে। তবে এই মুহূর্তে সেই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।