ওসমান হাদি হত্যা: কলকাতায় গ্রেপ্তার দুই প্রধান আসামি

আন্তর্জাতিক

ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে West Bengal Police Special Task Force

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বাংলাদেশি পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে—এমন গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলেও জানা যায়। এ তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে চালানো অভিযানে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দুজন মিলে ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সর্বশেষ বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।