এপ্রিলে এলপিজির দাম বাড়বে নাকি কমবে? জানা যাবে বৃহস্পতিবার

অর্থনীতি

চলতি এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে—সে সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। এদিন নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো–এর ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)–এর শহীদ প্রকৌশলী ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি, যা মার্চ মাসেও অপরিবর্তিত ছিল। সে হিসেবে প্রতি কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ১১১ টাকা ৭৪ পয়সা, যার ভিত্তিতে বিভিন্ন আকারের সিলিন্ডারের মূল্য নির্ধারিত হয়।

এপ্রিল মাসের নতুন মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারদর কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন তাকিয়ে ভোক্তারা।