
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হবে।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাঁদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস তাঁর সঙ্গে যাবেন। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। প্রতিবেদনে ভালো ফল এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখেন।
এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ আরও অনেকে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।


