আইপিএল: প্যাট কামিন্সের পিঠের চোট, সানরাইজার্স হায়দরাবাদের শুরুর ধাঁধা

বিনোদন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে Pat Cummins-এর খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল। সানরাইজার্স হায়দরাবাদের ক্যাম্পে যোগ দিয়েও পিঠের চোটের চূড়ান্ত স্ক্যান করাতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই তারকা।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, স্ক্যানটি পূর্বনির্ধারিত এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে সম্পন্ন হবে। কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পরই তিনি ভারত ত্যাগ করেন। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন কামিন্স।

গত জুলাইয়ের পর থেকে মাঠে সীমিত সময় খেলেছেন তিনি; শুধুমাত্র অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে অংশ নিয়েছিলেন। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, নেটে বোলিং শুরু করেছেন এবং পরিকল্পনামাফিক পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

কামিন্স বিজনেস অব স্পোর্ট পডকাস্টে বলেন, ‘‘আমি এখনো পিঠের চোট থেকে সেরে উঠছি, তবে ভালো লাগছে। আইপিএলের শুরুতে খেলতে পারব না, তবে খুব বেশি দেরি হবে না মাঠে ফিরতে।’’

তার অনুপস্থিতিতে Ishan Kishan সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এবারের আইপিএলে শুরুটা ভালো যায়নি; প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৬৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। আগামী ৫ এপ্রিল তাদের তৃতীয় ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে।