
ভোক্তাদের জন্য স্বস্তির খবর- তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ফেব্রুয়ারির জন্য ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা। এর আগে ২ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয়ে ৫০ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল।
জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ ও ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় এলপিজির দামে এ সমন্বয় এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই দিনে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা ৮৬ পয়সা। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।


