
দাসুন শানাকার শর্ট বল আলতো পুল করে বাউন্ডারি হাঁকান সাহিবজাদা ফারহান। সেই চারেই বদলে যায় ICC Men’s T20 World Cup–এর রেকর্ড বই। এক আসরে সর্বোচ্চ রানের কীর্তি গড়ে পেছনে ফেলেন বিরাট কোহলিকে।
সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ফারহানের সংগ্রহ ছিল ২৮৩ রান। কোহলিকে ছাড়াতে দরকার ছিল ৩৭। ইনিংসের ষষ্ঠ ওভারেই সেই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানি ওপেনার।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে ৬ ইনিংসে ৩১৯ রান করে রেকর্ডটি গড়েছিলেন কোহলি। পাকিস্তানের হয়ে এক আসরে সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল বাবর আজমর-২০২১ আসরে করেছিলেন ৩০৩ রান।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ইনিংসে ফারহানের রান ৩৮৩, স্ট্রাইক রেট ১৬০.২৫। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৭ দিয়ে শুরু, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩, নামিবিয়ার বিপক্ষে অপরাজিত ১০০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ রান করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩২ বলে ফিফটি ও ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ৯ চার ও ৫ ছক্কায়। তবে সেঞ্চুরির পরের বলেই আউট হন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তি এই প্রথম। বিশ্বকাপ ইতিহাসে দুটি সেঞ্চুরি আছে ফারহান ছাড়া আর কেবল ক্রিস গেইলর।


